ঝিঙে ফুল(Jinge Ful)-কাজী নজরুল ইসলাম(Kazi Nazrul Islam)-বাংলা কবিতা (Bangla Kobita)

ঝিঙে ফুল
কাজী নজরুল ইসলাম


ঝিঙে ফুল ! ঝিঙে ফুল !
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল—
ঝিঙে ফুল।
গুল্মে পর্ণে
লতিকার কর্ণে
ঢলঢল স্বর্ণে
ঝলমল দোলো দুল—
ঝিঙে ফুল ।।

পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।

পউষের বেলাশেষ
পরি, জাফরানি বেশ
মরা মাচানের দেশ
করে তোলো মশগুল-
ঝিঙে ফুল ।।

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে,
আলুথালু ঘুমু যাও রোদে গলা দুকুরে।

প্রজাপতি ডেকে যায়—
‘বোঁটা ছিঁড়ে চলে আয়!’
আসমানে তারা চায়—
‘চলে আর্ন এ অকূল!’
ঝিঙে ফুল ।।

তুমি বলো–‘আমি হায়
ভালোবাসি মাটি-মা’য়,
চাই না ও অলকায়—
ভালো এই পথ-ভুল!’ ঝিঙে ফুল ।।

Post a Comment

Previous Post Next Post